মার্কিনিরা যেন আর মানবাধিকার না শেখায় : রাষ্ট্রপতি

অনেক দেশ ও সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত হচ্ছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘মার্কিনিরা যেন আর মানবাধিকার না শেখায়, বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে।’

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘যারা আমাদের মানবাধিকার শেখায়, তাদের মাস্টার বাংলাদেশ। বাংলাদেশ তাদের শেখাবে। তোমরা পরতে পরতে মানবাধিকার লঙ্ঘন করছ। সারা বিশ্বে সংঘাত সৃষ্টি করছ। তোমাদের আমরা শেখাব মানবাধিকার কীভাবে রক্ষা করতে হয়।’

তিনি বলেন, ‘জাতিসংঘে যখন গাজার যুদ্ধবিরতির প্রস্তাব এলো, এ মানবাধিকারের ফেরিওয়ালারা সেখানে বাধা দিল। আজ বিশ্ববিবেক কোথায়? আজ সারা পৃথিবীতে মানবাধিকার দিবস পালন করা হয়, অথচ চোখের সামনে কত নির্মমভাবে গাজায় মানুষকে, মুসলমানকে শেষ করে দেওয়া হচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ সারা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। গাজাকে রক্ষায় সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে। একযোগে এগিয়ে আসতে হবে।’

বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দেশ, মানবাধিকার সংস্থা ও মানবাধিকারকর্মীরা প্রতিবাদে সোচ্চার হবেন বলেও রাষ্ট্রপতি আশা করেন।

সাহাবুদ্দিন বলেন, ‘মানবাধিকার শাশ্বত ও সর্বজনীন অধিকার, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে, বিরাজমান বিশ্ব মানবাধিকার পরিস্থিতি বিবেকবান যেকোনো মানুষকেই ব্যথিত করবে। অনেক দেশ ও সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।