আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তথ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে কোরিয়া সরকার। এজন্য বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় পরিসংখ্যানের সক্ষমতা বাড়াতে ১০৬ কোটি ১৫ লাখ টাকা অনুদান দেবে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- কোইকা।
গতকাল রবিবার বাংলাদেশ সরকারের পক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন এবং কোরিয়া সরকারের পক্ষে কোইকার কান্ট্রি ডিরেক্টর কিম তাইয়ং চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
ইআরডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরিয়ার অনুদানের অর্থে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিসটিকস সার্ভিস বেস্ড অন প্লাটফর্ম’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি সমন্বিত তথ্য ভান্ডার স্থাপন করা, যার মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও পরিচালনাপূর্বক পরিসংখ্যানগত পরিষেবা বৃদ্ধি করা হবে।
আলোচ্য প্রকল্পের আওতায় ন্যাশনাল স্ট্র্যাটিজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকসের (এনএসডিএস) সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং একটি স্ট্যাটিসটিক্যাল ডেটা ওয়্যারহাউজ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। তাছাড়া, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রকল্পটির সফল বাস্তবায়ন বিবিএসকে শুমারি ও জরিপের জন্য ‘ওয়ান নেশন- ওয়ান প্লাটফর্ম’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তথ্য ব্যবস্থাপনার সমস্যা দূর করবে এবং জাতীয় পরিসংখ্যানগত সক্ষমতা বৃদ্ধি করবে।