আচরণবিধি ভঙ্গ করে গণসংযোগ এবং নির্বাচনী গণসংযোগে সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল ব্যবহার করার অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনে নৌকা প্রার্থী ফরহাদ হোসেনকে শোকজ করেছেন মেহেরপুর-১ নির্বাচনী অনুসন্ধান কমিটি।
গত মঙ্গলবার দুপুর ১২টার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যম হয়ে কারণ দর্শানোর ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের এমপি এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে লিখিতভাবে কারণ দর্শানোর এ নোটিস দেওয়া হয়।
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছেÑ ৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি ভোট প্রার্থনা করে বক্তব্য দেন। এ সময় তিনি সরকারি গাড়ি ব্যবহার ও পুলিশের প্রটোকল নিয়ে নির্বাচনী গণসংযোগে অংশ নেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ১২ ও ১৪ (২) ধারার লঙ্ঘন।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।