যোগদানের আগেই বদলি স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সস্ত্রীক ওসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে গাজীপুরের শ্রীপুর মডেল থানার ওসিকে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু নতুন ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান যোগদানের আগেই তার একটি ছবি নিয়ে বিতর্ক ওঠায় তাকে অন্য থানায় সরানো হয়েছে। তবে কোন থানায় তাকে বদলি করা হয়েছে তা এখনো জানা যায়নি। গাজীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের সঙ্গে ওসি মোহাম্মদ ফয়েজুর রহমানের পারিবারিক সম্পর্ক ও গভীর সখ্য আছে এমন অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। সেই অভিযোগের ভিত্তিতে নতুন ওসিকে সরানো হয়েছে বলে জানা গেছে। এর আগে মোহাম্মদ ফয়েজুর রহমান কালিগঞ্জ থানার ওসি ছিলেন। পরে তাকে শ্রীপুর মডেল থানায় বদলির নির্দেশ দেওয়া হয়। শ্রীপুরে কর্মরত ওসিকে কালিগঞ্জে বদলি করা হয়। তবে বদলির আদেশের তিন দিনের মাথায় একটি ছবি নিয়ে বিতর্ক ওঠায় শ্রীপুর থানায় যোগদানের আগেই পুনরায় তাকে বদলি করার নির্দেশ দেওয়া হয়। গতকাল রবিবার এ নির্দেশ দেয় ইসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান তার স্ত্রীকে নিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের সঙ্গে। এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে। থানায় যোগদানের আগে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ওসির এমন ছবি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি ওই ওসির বদলি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানান। নির্বাচন নিরপেক্ষ হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় তিনি ওসির ব্যাপারে আপত্তি তোলেন। গত শুক্রবার নির্বাচন কমিশনারের কাছে নতুন পদায়ন হওয়া ওই ওসির দ্রুত বদলি চেয়ে চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নতুন বদলির আদেশ পাওয়া মোহাম্মদ ফয়েজুর রহমান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের খালাতো ভাই। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে প্রভাব খাটানোর সম্ভাবনা আছে। তাই তাকে জরুরিভাবে অন্যত্র বদলির আবেদন করা হলো। বদলির আদেশপ্রাপ্ত ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান বলেন, ‘নির্দেশনা অনুযায়ী আমাকে যেখানেই বদলি করা হোক, সেখানেই যাব। বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ ছড়িয়ে পড়া ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তত এক বছর আগে কোনো অনুষ্ঠানের ফাঁকে স্ত্রীকে নিয়ে ছবিটি তোলা হয়েছিল। পুরাতন একটি ছবি নিয়ে এখন বিতর্ক হচ্ছে।’ গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘শ্রীপুর থানায় সদ্য যোগদান করার কথা ছিল যে ওসির তার নতুনভাবে বদলির আদেশ হয়েছে বলে শুনেছি। তবে এখনো লিখিত কোনো কিছু পাইনি। নির্বাচন নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে।’ গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম বলেন, ‘সদ্য বদলির আদেশ পাওয়া শ্রীপুর থানার ওসিকে (মোহাম্মদ ফয়েজুর রহমান) বদলি না প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়টি এখনো জানি না। তবে তাকে কালিগঞ্জ থানা থেকে সরানো হয়েছে। নির্দেশের চিঠি হাতে পেলে আরও বিস্তারিত বলতে পারব।’