নাটোরের লালপুরে পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) তাকে নাটোর আদালতে পাঠানো হয়। সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার অমৃতপাড়া গ্রামের জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে পুলিশ কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা। এসময় তিনি লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করেছেন। এছাড়াও নানারকম ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন সোহেল রানা। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী জাহাঙ্গীর লালপুর থানায় অভিযোগ করেন। পরে রবিবার রাত সাড়ে নয়টার দিকে অমৃতপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সোহেল রানা পুলিশ কর্মকর্তার পরিহিত পোশাক ব্যবহার করে প্রতারণা করে বলে স্বীকার করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।