স্বামীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। আর এই কাজে তাকে সহায়তা করেন দুই যুবক। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ঠাণের।
পুলিশ জানিয়েছে, পেনশনের টাকা নিয়ে স্বামীর সঙ্গেই প্রায়ই ঝগড়া করতেন এক নারী। জোর করে টাকাও কেড়ে নিতেন। শুক্রবার রাতে এ নিয়ে দুজনের আবারও ঝগড়া হয়। একপর্যায়ে দুই যুবককে ঘরে ডেকে পাঠান তার স্ত্রী।
অভিযোগ, ওই দুই যুবক প্রথমে তাকে মারধর করে, এরপর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একটু পর ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুই যুবক পালিয়ে যায়।
ওই ব্যক্তি বলেছেন, যে দুই যুবক স্ত্রীর কথায় তার গায়ে আগুন দিয়েছে, তারা প্রায়ই তার বাড়িতে আসত। সময় কাটাত দীর্ঘক্ষণ। বিষয়টি নিয়ে স্ত্রীর কাছে আপত্তি করেছিলেন স্বামী। এরপর তাকে হুমকি দেন স্ত্রী। তারপরেও আপত্তি জানানোয় দুই যুবক তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।
ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার স্ত্রী এবং সহযোগী দুই যুবক পলাতক। তাদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে।