বার্বাডোজ টি২০ দিয়ে শুরু ক্রিকেটে স্টপ ক্লকের ট্রায়াল

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গতি আনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে স্টপ ক্লক এর ব্যবহার শুরু করতে যাচ্ছে আইসিসি। ট্রায়াল হিসেবে চলতি মাস থেকে আগামী এপ্রিল পর্যন্ত পুরুষদের ৫৯টি আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে এর ব্যবহার করা হবে। যা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার উইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার বার্বাডোজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

স্টপ ক্লক ব্যবহার শুরু হলে ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আসবে কিছুটা। দুই ওভারের মধ্যকার সময় নিয়ন্ত্রণে সহায়তা করবে স্টপ ক্লক। আগের ওভারের শেষ বল সম্পন্ন হওয়ার পর থেকে ৬০ সেকেন্ড বা ১ মিনিটের মধ্যে পরের ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত হতে হবে ফিল্ডিং দলকে। এক ইনিংসে তিন বার এ সময়সীমা মেনে চলতে ব্যর্থ হলে পাঁচ রান পেনাল্টি প্রযোজ্য হবে ফিল্ডিং দলের ওপর।

আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান জানান, ‘আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি আন্তর্জাতিক ক্রিকেটের গতি বৃদ্ধি করতে। সাদা বলের ক্রিকেট দিয়ে স্টপ ক্লকের ট্রায়াল শুরুর মধ্য দিয়ে ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনও পরিবর্তিত হতে যাচ্ছে। ট্রায়ালের সময় শেষ হওয়ার পরে পরিবর্তিত এ রীতি নিয়ে মূল্যায়ন করা হবে।’

বদলাতে থাকা ক্রিকেটের মুকুটে নতুন আরেকটি  পালক যোগ হতে যাচ্ছে ম্যাচের মধ্যে স্টপ ক্লকের ব্যবহার দিয়ে।