সদ্য অভিষেক হওয়া বলিউডের দুই স্টারকিড যখন রীতিমতো ট্রলের মুখে ঠিক সেসময় আগুনে ঘি ঢালেন বলিউড অভিনেত্রী রাবিনা টেন্ডন। অদ্ভুত এক কাণ্ড করে বসেন যার কারণে সোশ্যালে এসে ক্ষমা চাইতে হয় অভিনেত্রীকে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজ ‘দ্য আর্চিজ’। জোয়া আখতর পরিচালিত এই সিরিজ নিয়ে দর্শকের উত্তেজনার পারদ বরাবরই ছিল তুঙ্গে। কিন্তু লাভের লাভ কিছুই হল না। কারণ একটাই, সিরিজ মুক্তি পেতেই তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। একশ্রেণি নিন্দা করতে ব্যস্ত এই সিরিজের। যদিও বা কেউ প্রশংসিত হলেন, তবে তিনি সুহানা খান। তবে অগস্থ্য নন্দা ও খুশি কাপুরের অভিনয় নিয়ে সর্বত্র ট্রলের চর্চা চলছে। সোশ্যালে ভাইরাল হয়েছে একের পর এক মিম।
কিন্তু সেই মিম নিয়ে সোশ্যালে চর্চা হলেও সেলিব্রিটি হিসেবে তা সমর্থন করা মানেই কোথাও গিয়ে সেই মন্তব্যকে সত্য প্রমাণ করা হয়ে যায়। এবার সেটাই করে বসলেন রাবিনা টেন্ডন। অগস্থ্য ও খুশির অভিনয় নিয়ে তেমনই এক মিমে লাইক দিয়ে রাবিনা এক শ্রেণির কাছে প্রমাণ করে দিলেন যে তিনি এই বিষয়টা মেনে নিচ্ছেন যে এই দুই স্টার অভিনয় করতে পারেন না।
কিন্তু বাস্তবটা তেমন নয়। ভুল করে লাইক হয়ে গিয়েছে, জানালেন অভিনেত্রী। সোশ্যালে এক পোস্টে লিখেন, ‘সোশ্যাল মিডিয়ায় কোনো বাটন স্পর্শ হয়ে যাওয়ায় একটা বড় ভুল হয়ে দাঁড়ালো। এই লাইক ভুলবশত হয়ে গেছে। এই বিষয় আমি অবগত ছিলাম না যে স্ক্রল করতে গিয়ে তা লাইক হয়ে গেছে। আমি সত্যি ক্ষমাপ্রার্থী এমন কিছু ঘটার জন্য এবং আঘাত পৌঁছানোর জন্য।’