জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ সমর্থন করে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ একটি অস্থায়ী ব্যবস্থা এবং এটি বিলোপের সিদ্ধান্ত বৈধ— এই রায় দেওয়ায় আবারও রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে জম্মু-কাশ্মীর।
একইসঙ্গে আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সোমবার (১১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেয়।
সুপ্রিম কোর্ট বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরকে অন্য রাজ্যের সমকক্ষ করতে হবে। ফিরিয়ে দিতে হবে পূর্ণ রাজ্যের মর্যাদা। সুপ্রিম কোর্টের এ রায় কেন্দ্র করে জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তাই আগেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় অঞ্চলটি।
২০১৯ সালের ৫ আগস্ট রাষ্ট্রপতির নির্দেশের মাধ্যমে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গত কয়েক বছর উচ্চ আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছিল। চার বছর পর সেই মামলার রায় হলো।