‘ক্রেজি গার্ল’ কর্ণিয়া

টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি এখন স্টেজ শো নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। সব দিক সামলে হাজির হচ্ছেন নতুন নতুন গান নিয়েও। আজ মুক্তি পেতে যাচ্ছে তার নতুন গান ‘ক্রেজি গার্ল’। সজিব ভূইয়ার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবীর। কর্ণিয়ার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আদিব। পপ ঘরানার এই গানটিতে র‌্যাপ পার্ট গেয়েছেন টিএইচটি। র‌্যাপ অংশটুকু লিখেছেন নূর নবী। সম্প্রতি এই ডান্স আইটেমটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়। ভিডিওতে কর্ণিয়া ছাড়াও ড্যান্স করতে দেখা যাবে তিশা রিমা, সাদিয়া ইথিলা, জয়শ্রী দেবী প্রমুখকে। ভিডিও পরিচালনা করেন নাসিমুল মুরসালিন সাক্ষর। গানটি প্রসঙ্গে ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত কর্ণিয়া বলেন, ‘এটা পপ ঘরানার একটি গান, বেশ চমৎকার। গানটি যখন আমরা করি তখন প্রয়োজনের খাতিরেই এটাতেই র‌্যাপ পার্ট ডিমান্ড করছিল। গানটির ভয়েজ দেওয়ার কিছুদিনের মধ্যেই ভিডিও শুট করে ফেলি। এই গানটা একটু পারফরমেন্স বেইজড করার চেষ্টা করেছি আর যেহেতু এটা ডান্স নাম্বার তাই নাচ রাখা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’ ‘ক্রেজি গার্ল’ গানটি গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এর আগে সর্বশেষ মুক্তি পায় কর্ণিয়ার ‘কত ভালোবাসি তোমারে’ ও ‘প্রেমে পাগল’ গান দুটি।