গণ অধিকার পরিষদকে নিবন্ধন কেন নয় : হাইকোর্ট

গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। গণ অধিকার পরিষদের নিবন্ধন আবেদন খারিজ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির বৈধতা নিয়ে ড. রেজা কিবরিয়ার করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। দুই বছরের বেশি সময় আগে রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে সদস্য সচিব করে গণ অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়। গত বছরের অক্টোবরে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে গণ অধিকার পরিষদ। চলতি বছরের জুলাইয়ে গণ অধিকার পরিষদ ভেঙে যায়। ১ জুলাই রেজা কিবরিয়াকে পদ থেকে অপসারণ করা হয়। অপরপক্ষ নুরকে অপসারণ করে। একপর্যায়ে কাউন্সিল করে নুরকে সভাপতি ও রাশেদ খানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে এক অংশ।