প্রেমিকাকে নিয়ে পালিয়েছে ছেলে, মাকে বিবস্ত্র করে খুঁটিতে বেঁধে নির্যাতন

ভারতের কর্ণাটকে এক নারীকে বিবস্ত্র করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার রাতে কর্ণাটকের বেলাগাভি শহর থেকে ৯ কিলোমিটার দূরে হোসা ভান্তমুরি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তারা সাতজনকে আটক করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভুক্তভোগী নারীর ২৪ বছর বয়সী ছেলের ১৮ বছরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।  কিন্তু  তরুণীল পরিবার অন্য একজনের সঙ্গে তার বিয়ে ঠিক করে। সোমবারের বাগদানের তারিখ ছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই তারা পালিয়ে যায়।

ভারতের স্থানীয় গণমাধ্যম বলছে, ওই ঘটনার পর তরুণীর আত্মীয়রা প্রেমিকের মাকে আক্রমণ করে। তারা তাকে নগ্ন করে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে। নির্যাতিতাকে চিকিৎসার জন্য বেলাগাভি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটি একটি অমানবিক কাজ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও বলেন, এটি অমানবিক কাজ এবং সমাজের জন্য লজ্জাজনক। আমাদের সরকার এই ধরনের নির্মমতা সহ্য করবে না। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারকে ন্যায়বিচার দেওয়া আমাদের দায়িত্ব।