রাজশাহী সেনানিবাসে অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অধিনায়ক সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ  রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আরেফিন লাইব্রেরি এবং শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান জিমনেশিয়াম উদ্বোধন করেন। আইএসপিআর।