কর্ণফুলী নদীতে সারবাহী লাইটারেজ জাহাজডুবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সারবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাংলাবাজার আনু মাঝির ঘাট এলাকায় জাহাজডুবির ঘটনা ঘটে। জাহাজের ১৩ নাবিক জীবিত উদ্ধার হলেও সার আমদানিকারকের এক প্রতিনিধি নিখোঁজ রয়েছেন।

লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্র জানিয়েছে, সরকারের কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জন্য বিদেশ থেকে আমদানি করা ২৫ হাজার টনেরও বেশি এমওপি (পটাশ) সার নিয়ে এমভি তুর নিরামত নামের মাদার ভ্যাসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। সেখান থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে সারগুলো বাংলাবাজারের আনু মাঝির ঘাটে আনা হচ্ছিল। ১ হাজার ৬০০ টন সার নিয়ে এমভি মাকসুদা-২ নামের লাইটারেজ জাহাজটি রবিবার রাত ৯টা পর্যন্ত ঘাট এলাকায় পৌঁছায়। জাহাজটিকে নোঙর করে বয়ার সঙ্গে বাঁধার প্রস্তুতি নেওয়ার সময় ডুবে থাকা কোনো বস্তুর সঙ্গে এটি ধাক্কা খায়। এতে জাহাজটির তলা ফেটে যায় এবং ডুবতে শুরু করে। অল্পক্ষণের মধ্যে প্রায় চার কোটি টাকার সারসহ জাহাজটি পুরোপুরি কর্ণফুলী নদীতে ডুবে যায়।

সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. একরাম উল্লাহ বলেন, ডুবে যাওয়া জাহাজের সব নাবিক উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক প্রতিনিধি নিখোঁজ রয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।