মেয়র আতিকের হুঁশিয়ারি

স্ট্রিট আর্টে পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা

নগরের দৃষ্টিনন্দন নকশা বা স্ট্রিট আর্টে যারা পোস্টার লাগাবে তাদের ধিক্কার জানানোর পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছু দিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে তাকে সবাই মিলে প্রত্যাখ্যান করব। এত সুন্দর চিত্রকর্মে পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। পোস্টার লাগিয়ে এই শহরকে নোংরা করার অধিকার কারও নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এই শহরে কীভাবে সুস্থ থাকতে পারি সেই চেষ্টা করি। অনেকে দেখেছেন মগবাজার ফ্লাইওভারের পিলারগুলো পোস্টারে ছেয়ে থাকত। আমরা সেখানে দৃষ্টিনন্দন পেইন্টিং একে দিয়েছি। ঈদের সময় দেখলাম একজন বাবা তার ছোট মেয়েকে নিয়ে ওই পেইন্টিংয়ের সামনে ছবি তুলছে। এটাই আমাদের সার্থকতা।’