ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে। এইরুটে যানবাহন কম চলায় বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।

এদিকে, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে চালকরা হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো ধীর গতিতে চালাচ্ছে।