দৌলতদিয়া-পাটুরিয়া

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর (১২ ডিসেম্বরে) মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান দেশ রূপান্তরকে ৭টা ৩০ মিনিটে মুঠোফোনে ফেরি চলাচল শুরুর তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে ছোট বড় মিলিয়ে শতাধিক যানবাহন। এতে বিপাকে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনের চালক ও যাত্রীরা। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আলীম দাইয়ান দেশ রূপান্তরকে বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে পদ্মা ও এর আশে পাশের এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। ফলে ব্যাহত হচ্ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। পরে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।