ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় বিরাজমান মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
এদিকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী বৃহস্পতিবার সারা দেশে রাতের তামপাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।