প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতাকর্মী নিহত ও ২ জনকে অপহরণের অভিযোগ তুলেছে সংগঠনটি। 

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, গতরাত (সোমবার) পানছড়ির পুজগাংয়ের অনীলপাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় প্রতিপক্ষের হামলায় পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিন ত্রিপুরা নিহত হয়েছে। এ সময় হামলাকারীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন অংগ্য মারমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে বিপুল চাকমাসহ ৭ জন নেতাকর্মী সোমবার লোগাঙ এলাকায় যান। তারা রাতে অনিল পাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সশস্ত্র দুর্বৃত্ত দল ওই বাড়িতে হানা দেয়।

তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোন সূত্র বিষয়টি নিশ্চিত করেনি।