পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

পোল্যান্ডের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি একটি রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে।

জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো। এর মধ্য দিয়ে জাতীয়তাবাদী রক্ষণশীল শাসন থেকে ইউরোপীয় ইউনিয়নপন্থি শাসনের দিকে ঝুঁকল দেশটি।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) ৪৬০ আসনবিশিষ্ট পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে ২৪৮-২০১ সমর্থন পান টাস্ক।

এর আগে গত সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান বিদায়ী প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এর মাধ্যমে ডানপন্থী ল এন্ড জাস্টিস পার্টির ৮ বছরের একক শাসনের সমাপ্তি হলো।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত টাস্ক একটি জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। জোটের দলগুলো আলাদাভাবে ভোট করলেও তারা টাস্কের নেতৃত্বে ‘গণতন্ত্রের মান পুনর্প্রতিষ্ঠা ও মিত্রদের সঙ্গে সম্পর্কোন্নয়নে’ কাজ করার আশা প্রকাশ করেছে । এর আগে ২০০৭ ও ২০১৪ সালেও পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ডোনাল্ড টাস্ক। এরপর ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টও ছিলেন। গত অক্টোবরে হওয়া নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে ফের দেশের প্রধানমন্ত্রী পদে ফেরার সুযোগ আসে তার সামনে।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে টাস্ক লিখেছেন, ‘রেডি, স্টেডি, গো!’