বৃহস্পতিবার থেকে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

আগামী বৃহস্পতিবার থেকে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামীকাল বুধবার এক থেকে দুই ডিগ্রি ও বৃহস্পতিবার সারা দেশে রাতের তামপাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

৭২ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েত পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উল্লেখযোগ্য সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ঈশ্বরদীতে ১২.৭, সৈয়দপুর ও বদলগাছীতে ১৩.০, দিনাজপুরে ১৩.১, ডিমলা ও রাজারহাটে ১৩.৫, চুয়াডাঙ্গায় ১৩.৬, যশোরে ১৩.৮, খেপুপাড়ায় ১৪.২, রাজশাহী ও সাতক্ষীরায় ১৪.৫, নিকলিতে ১৪.৬,০ কুমারখালীতে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।