প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ জেরিন খানের

 

শিয়ালদহ কোর্টে জেরিন খান

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউডের অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদহ আদালত। সোমবার শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী। বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ৩০ হাজার রুপির বন্ডে মিলেছে জামিন।

জামিনের শর্ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জেরিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ ডিসেম্বর।

পরনে ছাই রঙা গেঞ্জি, কালো ট্রাউজ়ার্স। মুখে মাস্ক। এ দিন শুনানি চলাকালীন এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন সালমান খানের ‘বীর’ নায়িকা। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপূজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে ১২ লক্ষ রুপি পারিশ্রমিক নেন জেরিন। কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে আসেননি তিনি।

ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জেরিনকে নিয়ে আসার পুরো ব্যবস্থাপনার পিছনে তাদের প্রায় ৪৫ লক্ষ রুপি খরচ হয়েছে। অগ্রিম ১২ লক্ষ রুপি নিলেও অনুষ্ঠানে আসেননি তিনি। বাকি টাকা জেরিনের নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জেরিন ও তার প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।

এদিন আদালত চত্বরে বিশালের আরও অভিযোগ, ‘জেরিন অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তার কাছ থেকে ৪৫ লক্ষ রুপি ফেরত চাইলে তিনি আমাকে প্রাণে মারার হুমকি দেন। আমাকে মুম্বাই ছাড়তে বাধ্য করা হয়।’ 

জেরিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, ‘জেরিনের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা।’ 

আদালত সূত্রের খবর, ইতিমধ্যে এই মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। জেরিনের প্রাক্তন ম্যানেজার আগাম জামিন পেয়েছেন।