শাকিবকে নিয়ে শুরুতেই রাফির ‘নকল’

শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এ বিষয়ে গতকাল সোমবার পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজন ছিল। সিনেমার নাম তুফান। এই আয়োজনে পোস্টার উন্মোচন করা হয়। চারিদিকে শাকিব খানের এই পোস্টারের প্রশংসায় ভরে যায়। কিন্তু এই দেয়ালহীন দুনিয়ায় কোনোকিছু আড়াল কিংবা কোনো চালাকিই যে চলে না, কে বোঝাবে এ দেশের অনুকরণকারী নির্মাতাদের।

পাঁচ তারকা হোটেলে শাকিব খানের যে পোস্টার প্রকাশ করা হয়েছে সেটা হলিউডের সিনেমা জন উইক : চ্যাপ্টার ২ এর অনুকরণ। ‘জন উইক: চ্যাপ্টার ২’ সিনেমার পোস্টারের সঙ্গে হুবহু মিল। ‘জন উইক’ ফ্র্যাঞ্ছাইজির দ্বিতীয় পর্বের পোস্টারের কিয়ানু রিভস দুর্ধর্ষ অ্যাকশনে দেখা গেল, ঠিক একইভাবে তুফানের পোস্টারে হাজির করা হয়েছে শাকিবকে।

কিয়ানু রিভসের বাম হাতে রিভলবার, শাকিবের বাম হাতে রিভলবার। কিয়ানুর ডান হাতে একে ৪৭, শাকিবের ডান হাতেও একে ৪৭। শুধু মাপের ক্ষেত্রে এদিক-ওদিক কয়েক ডিগ্রি কমবেশি রয়েছে। কালার গ্রেডিং একই। ছবিটি ২০১৭ সালে হলিউডে মুক্তি পেয়েছিল।

জন উইক ফ্র্যাঞ্ছাইজির চতুর্থ পর্ব এ বছর মুক্তি পেয়েছে। সিনেমা হল ছাড়াও অ্যামাজন প্রাইমে দর্শকেরা হুমড়ি খেয়ে দেখছেন। ২০২৩ সালের গুগল সার্চেও এই সিরিজ প্রথম পাঁচে রয়েছে। এমন একটি সিনেমার পোস্টার হুবহু নকল করা নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছে।