ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রুবেল মোল্লা (৩১) নামের এক মাদক কারবারি বাড়ি থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়াও এক গ্রাম কোকেন, ১২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৬ লক্ষ ৬৮ হাজার টাকা জব্দ করেছে। তবে ব্যবসায়ী রুবেল মোল্লাকে আটক করতে পারেনি প্রশাসন।
মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বোয়ালমারীর শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে রুবেলের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অভিযানকালে পালিয়ে যাওয়া রুবেল মোল্লা আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।