পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অবৈধ বিয়ের মামলা গ্রহণযোগ্য ঘোষণা দিয়েছে দেশটির একটি দেওয়ানি আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, আদালতের সিদ্ধান্তের পর উভয়পক্ষকে পাকিস্তান পেনাল কোডের (পিপিসি) ৪৯৬-বি ধারায় নোটিশ দেওয়া হয়। আদালত বুশরা বিবিকে আগামী ১৪ ডিসেম্বর ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সেদিন পরবর্তী শুনানির তারিখও নির্ধারিত হয়েছে।
অন্যদিকে আদিয়ালা কারাগারে বন্দি থাকায় শুনানিতে ইমরান খানের ই-হাজিরা নিতে বলেছে আদালত। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে যুক্তিতর্ক শোনার পর বিচারক তার রায় সংরক্ষিত রাখেন এবং পরে মামলাটি গ্রহণযোগ্য ঘোষণা করেন।
এদিন শুনানির সময় বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা তার আইনজীবী রিজওয়ান আব্বাসির সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন। খাওয়ার মানেকার দাবি, ইমরানের সঙ্গে বুশরার বিয়ে অবৈধ এবং শরিয়া আইনের পরিপন্থী। তিনি তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও করেছেন। তবে আদালত ইঙ্গিত দিয়েছে, এ বিষয়ে ইমরান ও বুশরার বিরুদ্ধে প্রমাণ চেয়ে অভিযোগকারীর কাছ থেকে দুজন প্রত্যক্ষদর্শী চাওয়া হবে।