গাজীপুরের কালিয়াকৈরে এক বিকাশ কর্মীকে অপহরণের সময় জামাই ও শ্বশুর আটক করে এলাকাবাসী। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর থানার জটাওবাড়ি এলাকার মমিন হোসেন ও গাজীপুরের কালিয়াকৈর থানার কালামপুর এলাকার আবু তাহের। তারা জামাই-শ্বশুর বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওমর ফারুক নামের এক বিকাশকর্মী নিজস্ব কাজে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা এলাকার রেললাইন বাজারে যায়। এসময় জামাই ও শ্বশুর মিলে তার গতিরোধ করে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ১৬-০০৯৬) উঠানোর চেষ্টা করেন। পরে ভুক্তভোগী চিৎকার করলে লোকজন ছুটে যায়। এসময় মনির ও তার শ্বশুর আবু তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করে
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো: সাব্বির আহমেদ জানান, আটককৃত দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।