বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ, ‘সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিকসহ সবাই আজ আতঙ্কের মধ্যে দিন পার করছে।’
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘কিছুদিন আগে এক মহামান্য বিচারপতি বলেছিলেন দেশটাকে জাহান্নামের পরিণত করা হয়েছে। সেই জাহান্নামের পরিস্থিতি সকল দিক দিয়ে গত দেড় দশক সুস্পষ্ট। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা, গণমাধ্যমকর্মীরা সবাই আজ আতঙ্কের মধ্যে দিন পার করছে। এই অবৈধ সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনকে কবরস্থ করেছে মাটি চাপা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন এরা বিশ্বাস করে না। এরা অবাধ সুষ্ঠু নির্বাচনকে তামাশা করে। এদের অধীনে কখনো অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
তিনি বলেন, ‘বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আর এই সরকারের পদত্যাগ ছাড়া বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কেবলমাত্র একজন নিরপেক্ষ যিনি কোনো রাজনীতি দলের সাথে জড়িত নয় তার অধীনেই অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের মন্ত্রী নেতাকর্মীরা এতো কথা বলেন কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বললে তারা এতো বিচলিত হয় কেন? তারা অস্থির হয়ে যায়। এক ভীতির মধ্যে পড়ে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাদের পরিণতি কি হয় এই ভয় থেকেই তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।’
তিনি বলেন, ‘তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী ব্যবহার করে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করছে তা প্রতিদিন সুস্পষ্ট হয়ে উঠছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন পরাধীন। আমরা এখন একক উপনিবেশ শাসনের অধীনে রয়েছি। এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কোনো শক্তির প্রতিনিধি হিসেবে এ দেশে কাজ করছে। গ্যারান্টি হচ্ছে তারা সেই সমস্ত দেশের স্বার্থ রক্ষা করবে। সেই সমস্ত দেশ গণতন্ত্র বিশ্বাস করে না। কয়েকটি দেশ রয়েছে তারা বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি আবহমানকাল থেকে চলমান সেটার তারা ধার ধরে না।’
তিনি বলেন, ‘গত সোমবার রাজশাহীতে সাংবাদিক ডালিম হোসেন শান্তকে শুধুমাত্র একটি নিউজ করার জন্য আটক করা হয়। এর আগে কাপাসিয়ায় স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অপরাধ তারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে সত্য নিউজ করেছে।’