ব্যতিক্রমী উদ্যোগে বক্সিং ডে টেস্টে স্মরিত হবেন শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি জাদুকরি লেগস্পিনার শেন ওয়ার্ন প্রয়াত হন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তার তিন সন্তান সামার, জ্যাকসন ও ব্রুক ওয়ার্ন বাবার স্মৃতিতে হৃদ্‌রোগ ও অন্যান্য স্বাস্থ্য সচেতনা বাড়াতে সম্প্রতি শেন ওয়ার্ন লিগ্যাসি (এসডব্লিউএল) নামের একটি ফাউন্ডেশন গঠন করেন। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে দর্শকদের বিনামূল্যে হৃৎপিণ্ডের স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে এসডব্লিউএল। আর এ আয়োজনের নেপথ্য কারণ কিংবদন্তি শেন ওয়ার্নকে স্মরণ করা। 

 ২০২২ সালের মার্চে থাইল্যান্ডে ৫২ বছর বয়সে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ওয়ার্ন প্রয়াত হন। ওয়ার্নের ঘরের মাঠ এমসিজিতে গত বছর থেকে ওয়ার্নের স্মৃতি স্মরণের আয়োজন শুরু হয়। গতবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে ওয়ার্নের ৩৫০ নম্বর ক্যাপের স্মরণে বেলা ৩টা ৫০ মিনিটে খেলা বন্ধ রাখা হয়। এবার ওই সময়ে ওয়ার্নের স্মরণে সমর্থকদের সাদা ফ্লপি হ্যাট তুলে ধরতে অনুরোধ করা হয়েছে। গতবারের মতো এবারও সমর্থকদের সাদা হ্যাট পরে যেতে অনুরোধ করা হয়েছে।

এর বাইরে ম্যাচের প্রথম চার দিন এমসিজির বিভিন্ন জায়গায় ২৩টি হেলথ স্টেশন স্থাপন করা হবে। সেখানে সমর্থকেরা বিনামূল্যে চার মিনিটের পরীক্ষার ভেতর দিয়ে যেতে পারবেন। শেন ওয়ার্ন লিগ্যাসির প্রধান নির্বাহী হেলেন নোলান বলেছেন, ‘আমাদের ও ওয়ার্নের পুরো পরিবারের জন্য এটি অনেক তাৎপর্যের। এর মাধ্যমে আইকনিক এমসিজিতে বিশেষ জমায়েত হবে, যাতে ক্রিকেট অনুরাগীরা এবং অন্যরাও একত্রে এসে শেনকে সম্মান জানাতে পারবেন তার বছরের প্রিয় এই সপ্তাহে, সেটিও আবার এমন জায়গায়, যে মাঠকে ওয়ার্ন তার “অফিস” বলতেন।’

এমসিজিতে ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানের ছবি

এ উদ্যোগের প্রশংসা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘শেন ওয়ার্ন লিগ্যাসির সঙ্গে যৌথভাবে এ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে।’ ওয়ার্নের স্মরণে এমসিসিজির একটি স্ট্যান্ডের নামকরণও করা হয়েছে। এই মাঠেই ওয়ার্নের শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।