পাকিস্তানের সিন্ধু প্রদেশে স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় এক খ্রিস্টান যুবককে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হলো। আইনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার দায়ে তাকে আরও ২৫ হাজার রুপি জরিমানাও করা হয়। মঙ্গলবার (১২ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই যুবকের নাম জশোয়া ইলিয়াস। তিনি দেড় বছর আগে প্রথম বিয়ে করেন এবং স্ত্রীকে দুবাই পাঠিয়ে দিয়েছিলেন। পরে প্রথম স্ত্রী দেশে ফিরে আসার পর জানতে পারেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন, যা এটি খ্রিস্টান বিবাহ আইন পরিপন্থী।
যুক্তিতর্ক শেষে বিচারক তিনটি ধারায় অভিযুক্ত ইলিয়াসকে কারাদণ্ড ও জরিমানার রায় ঘোষণা করে। আদালত বলে, ইলিয়াস জরিমানা দিতে ব্যর্থ হলে তার কারাদণ্ডের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হবে। অবশ্য রায়ের পর প্রথম স্ত্রীর আইনজীবী জানান, এর মাধ্যমে সিন্ধু প্রদেশে খ্রিস্টান বিবাহ আইনে এই প্রথম কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলো।