ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার পেলেন ড. ইউনূস

ক্রীড়াজগতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব ও অর্জনের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিটের (ডাব্লিউএফএস) আজীবন সম্মাননা পুরস্কার পেলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

গত ১১ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদি আরবের জেদ্দায় ১২ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ফুটবল সামিটের সর্বশেষ সংস্করণের আগে এই পুরস্কার প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ফুটবল সামিট বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম, যা খেলাধুলায় সুযোগ তৈরি করতে এবং ক্রীড়াজগতে নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে বিশ্বখ্যাত পেশাদারদের সম্মিলিত করে। পেশাদার ফুটবলের এই বিশ্বব্যাপী কমিউনিটি আরও টেকসই ও সর্বোচ্চ স্তরের ফুটবল জগত গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড ফুটবলের গতিপথকে প্রভাবিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে। এ বছর মোট চারজনকে তাদের অবদানের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিট আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে। প্রথম সম্মাননাটি প্রদান করা হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস ছাড়াও এ বছর এই সম্মাননাপ্রাপ্ত অন্যান্যরা হলেন পেশাদার ফুটবলার ও চিকিৎসক ডা. নাদিয়া নাদিম, প্যালেস্টাইন অ্যাসোসিয়েশন ফর চিলড্রেনস এনকারেজমেন্ট অব স্পোর্টসের ট্রাস্টি হেলেন আলুজাইজি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল দাতুক সেরি উইন্ডসর জন।

ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রফেসর ইউনূস ও তার অসামান্য সব সামাজিক অবদানের কথা বিশেষভাবে তুলে ধরা হয়। দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ু সংকট মোকাবিলায় খেলাধুলা ও সামাজিক ব্যবসার শক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী কাজ করে যাওয়া প্রতিষ্ঠান ইউনূস স্পোর্টস হাব প্রতিষ্ঠার জন্য তার অবদানকে এই অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনূস স্পোর্টস হাব সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় অনুঘটক হিসেবে খেলাধুলার শক্তিকে ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে।

প্রফেসর ইউনূসকে প্রদত্ত সম্মাননায় উল্লেখ করা হয়, 'প্রফেসর মুহাম্মদ ইউনূস একজন অসাধারণ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি সামাজিক পরিবর্তন আনতে এবং কমিউনিটিকে আরও সমৃদ্ধ করতে তার পুরো জীবন উৎসর্গ করেছেন।'