অন্তর্বর্তীকালীন কমিটির নিয়োগ বাতিল করলেন নতুন ক্রীড়ামন্ত্রী হারিন

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটের বোর্ডের উপর আগের ক্রীড়ামন্ত্রীর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন দেশটির বর্তমান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। এই পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির উপর আইসিসির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দ্বার উন্মোচিত হলো। লঙ্কান বোর্ডের মধ্যে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে স্থগিতাদেশ আরোপ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর আগের ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে দুর্নীতির অভিযোগ এনে লঙ্কান ক্রিকেট বোর্ডের কমিটিকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার পর নিজের প্রাণনাশের জন্য দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দায়ী থাকবেন বলে মন্তব্য করেন। এ ঘটনার পর মন্ত্রীত্ব খোয়ান রোশান। তার স্থলাভিষিক্ত হন হারিন ফার্নান্দো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের পোস্টে হারিন জানান, ‘অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে একটি প্রজ্ঞাপন স্বাক্ষর করেছি আমি। এ উদ্যোগের পেছনে মূল লক্ষ্যই হলো আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহার করানো। আমি আহ্বান জানাই এসএলসি’র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে অডিট রিপোর্টও যেন পর্যবেক্ষণের আওতায় আনেন আইসিসি।’

হারিনের এক্স পোস্ট

গত নভেম্বরে আইসিসির স্থগিতাদেশের পর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারায় শ্রীলঙ্কা। এ আয়োজনের জন্য আইসিসি থেকে ২.৪ মিলিয়ন ডলার অনুদান পাওয়ার কথা ছিল দেশটির। আইসিসির স্থগিতাদেশ বহাল থাকলেও দ্বি-জাতি সিরিজ আয়োজন ও সকল আইসিসি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কাকে।