সুপ্রিম কোর্টের বিচারপতিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী কামরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এ আবেদন করেন। আবেদনের আরজিতে মজিবুল হক চুন্নুকে সশরীরে হাজির হতে নির্দেশনা দেওয়ার আরজি জানিয়েছেন আইনজীবীরা।
অ্যাডভোকেট মামুন মাহবুব দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে। তিনি বলেন, ‘কিছুদিন আগে জাপার বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে মজিবুল হক চুন্নু বিচারকদের নিয়ে নানা মন্তব্য করে বলেছেন, উচ্চ আদালতে মেধাবী লোকের পরিবর্তে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হিসেবে নিয়োগ পান। অনেকের বিভিন্ন পরীক্ষায় তৃতীয় শ্রেণি রয়েছে এবং তারা কোনোরকমে পাশ করেন।’
আইনজীবী আরও বলেন, ‘আমরা মনে করি তার এ ধরণের বক্তব্য সমগ্র বিচার বিভাগকে নিয়ে প্রশ্নে উদ্রেক করেছে। তিনি (মজিবুল হক চুন্নু) নিজে একজন আইনজীবী, সংসদ সদস্য। মন্ত্রী ছিলেন। তার এ ধরণের মন্তব্য বিচার বিভাগে কুঠারাঘাতের সামিল।’