লেইসের প্যাকেটে দুই টুকরা চিপস!

লেইস চিপসের প্যাকেটে পণ্যের চেয়ে বেশি থাকে বাতাস। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। সম্প্রতি এমনই একটি ঘটনার সাক্ষী হলো নেটিজেনরা।

দিব্যাংশু কাশ্যপ নামে এক ব্যক্তি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, লেইসের একটি প্যাকেটে মাত্র দুই টুকরা চিপস পেয়েছেন তিনি। একইসঙ্গে চিপসের প্যাকেট খোলার একটি ভিডিও যুক্ত করেন তিনি।

দিব্যাংশু লেখেন, পাঁচ রুপিতে ক্ল্যাসিক সল্টেড পটেটো চিপস কিনেছিলেন। কিন্তু ভেতরে মাত্র দুটি চিপসের টুকরা ছিল। হতবাক হয়ে যান তিনি। দিব্যাংশু বলেন, এটি খুবই হতাশাজনক ঘটনা। এক্স দেওয়া পোস্টে লেইস ইন্ডিয়া ও পেপসিকোকে ট্যাগ দেন তিনি। সঙ্গে যুক্ত করেন একটি প্রশ্নও। এটা লেইসের নতুন মান?

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কটাক্ষ ও রসিকতা করতে ছাড়েনি। একজন লেখেন, ‘বাতাসে ভরা ব্যাগে দুটি চিপস খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়।’ আরেকজন লেখেন, ‘বাহ! আপনি সেখানে চিপস পেয়েছেন ... আমি ভেবেছিলাম প্যাকেটে শুধু স্বাদযুক্ত বাতাস রয়েছে।’