‘ডাঙ্কি’র সাফল্যের জন্য বৈষ্ণদেবীর মন্দিরে পুজো দিলেন শাহরুখ

গত বছর ১২ ডিসেম্বর ‘পাঠান’ মুক্তির আগে মুখ-চোখ ঢেকে জম্মুতে অবস্থিত বৈষ্ণদেবীর মন্দিরে পুজো দেন শাহরুখ খান। জানুয়ারিতে মুক্তি পায় ‘পাঠান’। বক্স অফিসে হাজার কোটির ব্যবসা করে নজির গড়ে সে ছবি। তার মাস ছয়েকের মধ্যে মুক্তি পায় শাহরুখের এই বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’। সে ছবি ‘পাঠান’-এর নজির ভেঙে দেয়। আর ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের এ বছরের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’।

এবারও সেই একই কাজ করলেন বলিউড বাদশা। জম্মুর ওই তীর্থস্থানে গত সোমবার রাতে যান শাহরুখ। একটি ভিডিওতে দেখা গেছে, কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছেন তিনি। সঙ্গে সহকারী পূজা দাদালানি। শাহরুখের পরনে একটি কালো পাফ জ্যাকেট। গত ১২ মাসে এ নিয়ে তিনবার বৈষ্ণদেবীর মন্দিরে গেলেন শাহরুখ।

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে নতুন লুকে ধরা দেবেন শাহরুখ। ‘জওয়ান’ ও ‘পাঠান’—দুই ছবিতেই অ্যাকশন হিরো হয়ে পর্দায় হাজির হন শাহরুখ। তবে এ ছবিতে অন্য এক শাহরুখের দেখা মিলবে। ‘ডাঙ্কি’ একটি কমেডি ছবি হতে পারে, তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। অনুমান করা যায়, ছবির প্রেক্ষাপট পাঞ্জাব এবং অভিভাসন এর মূল উপজীব্য। ছবিতে পাঞ্জাবি তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রটি লন্ডনে যাওয়ার জন্য মরিয়া। 

‘ডাঙ্কি’তে বাদশার সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল। বোমান ইরানিকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। সিনেবিশেষজ্ঞদের ধারণা, এই ছবি বক্স অফিসে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতোই সাফল্য পাবে।
সূত্র: লাইভমিন্ট