অর্থনৈতিক অঞ্চলে দুই কোম্পানির ৩.২২ কোটি ডলার বিনিয়োগে চুক্তি

অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ৩ কোটি ২২ লাখ ডলার বা ৪১৩ কোটি টাকা বিনিয়োগে চুক্তি করেছে দেশি-বিদেশি দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান আমান বাংলাদেশ লিমিটেড প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চুক্তি করেছে। একই দিনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ১ কোটি ১৬ লাখ ডলার বিনিয়োগে চুক্তি করেছে চীনা কোম্পানি কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

গতকাল বেজা এবং আমান বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১০ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে আমান বাংলাদেশ সুইং থ্রেড, এমব্রয়ডারি থ্রেড এবং ইয়ার্ন শিল্প-কারখানা স্থাপন করবে। এতে প্রায় ৬০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি ১৩ বছর ধরে পোশাকশিল্প খাতে অবদান রেখে চলেছে।

বেজায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান বলেন, দেশের অন্যতম আধুনিক শিল্প-কারখানা স্থাপনের অভিজ্ঞতা রয়েছে তাদের। বাংলাদেশের বাইরেও প্রতিষ্ঠানটির আমেরিকা, জার্মান, ইউরোপ, পাকিস্তানে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। তিনি বলেন, জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে তারা আগামী ৮ মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে শিল্প নির্মাণকাজ শুরু করবে।

সবুজ কারখানা তার প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশে এবং বিশ্বে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে বলে জানান তিনি। রোকনুজ্জামান বলেন, দক্ষ লোকবল এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করেছে তারা এবং বঙ্গবন্ধু শিল্প নগরেও অনুরূপ শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিষ্ঠানটি কর্তৃক উৎপাদিত পণ্য অধিকাংশই রপ্তানি করা হবে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে।

বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং আমান বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের মো. রোকনুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন। বেজা কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তির ফলে স্বাক্ষর অনুষ্ঠানে সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক, লাগেজ ও ফ্যাশন উপকরণ উৎপাদনের কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ কারখানা করা হবে। কারখানা স্থাপনে কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ কোটি ১৬ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২৭ কোটি ৬২ লাখ টাকা বিনিয়োগ করবে। আর এখানে কর্মসংস্থান হবে প্রায় ৩ হাজার ৩১০ জন বাংলাদেশি নাগরিকের। প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ ৫০ হাজার তৈরি পোশাক এবং ৮ লাখ মানিব্যাগ, ট্রাভেল-ব্যাগ ও বেল্ট ইত্যাদি পণ্য উৎপাদন করবে।