বিবিধ খাতের প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানিটি প্রতি দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। গতকাল কমিশনের নিয়মিত সভায় রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের রাইট শেয়ারের মূল্য প্রিমিয়ামসহ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ১ কোটি ৯৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার ইস্যু করা হবে, যার মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে উৎপাদন সক্ষমতা বাড়াতে মূলধনী যন্ত্রপাতি কেনার পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ করবে কোম্পানিটি।
রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, চলতি ২০২৩-২৪ হিসাববছরের প্রথম প্রান্তিকে সিনোবাংলার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৯ পয়সা। সিনোবাংলার রাইট শেয়ার ইস্যুর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।