রাজবাড়ীতে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ৩৫০ বছরের পুরনো জমিদারবাড়ি এবং মন্দির দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা নাগরিক কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু। বক্তব্য দেন জেলা সিপিবি সভাপতি আবদুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি মনিরুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদৎ হোসেন, জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার।
বক্তারা বলেন, বালিয়াকান্দির বহরপুরে ৩৫০ বছরের পুরনো জমিদার বাড়িটি একটি কুচক্রী মহল দখল করার পাঁয়তারা করে আসছে। বাড়িতে বসবাসকারীরা আতঙ্করে মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে বাড়িটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।