অভিযানের খবরেই পেঁয়াজের দাম কমল ২৫ টাকা!

পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুর শহরের চকবাজারের খুচরা দোকান ও হাজী শরীয়তউল্লাহ বাজারের পাইকারি আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় অভিযানের খবর পেয়েই আড়তে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমে যায় ২০ থেকে ২৫ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় আড়তে নতুন পেঁয়াজ মণপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। যদিও গত সোমবার সেখানে এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়।

বর্তমানে ফরিদপুরের বিভিন্ন বাজারে নতুন পেঁয়াজ পাইকারি ৭৫ থেকে ৮০ এবং খুচরা পর্যায়ে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে অভিযানের সময় পেঁয়াজের পাইকারি আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় মেসার্স অমিত স্টোরকে ২ হাজার ও মেসার্স একতা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ অভিযানে নেতৃত্বে দেন।