দেশে শিশুদের রাতকানা (অন্ধত্ব) রোগের প্রকোপ এখন শূন্যের কোঠায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভিটামিনের অভাবে একসময়ে শিশুদের রাতকানা (অন্ধত্ব) রোগের প্রকোপ থাকলেও এখন তা শূন্যের কোটায় নেমেছে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শারীরিক নানা জটিলতা দূর হয়।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
গতকালের ক্যাম্পেইনে সারা দেশে ৬-৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেয় সরকার। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা খাওয়াতে কেউ কোনো গুজবে কান দেবেন না। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের অন্ধত্ব দূর করার পাশাপাশি খর্বকায় হওয়া প্রতিরোধ করে।
এ টিকা দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুহার ২৪ শতাংশ কমায়, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়াজনিত মৃত্যু রোধ করে।