৩১৪ চরমপন্থি পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তত্ত্বাবধানে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র‌্যাব-১২ এর কার্যালয়ে গতকাল মঙ্গলবার আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসা ৩১৪ জন চরমপন্থি প্রত্যেককে ১ লাখ টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর দপ্তরের সিইও মো. মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেন উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।

র‌্যার-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলার ৩১৪ জন্য চরমপন্থি দলের সদস্যর প্রত্যেককে ১ লাখ টাকা করে প্রদান করা হয়। এদের মধ্যে কেউ কেউ জামিনে, কেউ জেলেও রয়েছেন।

জানা যায়, মার্কস-লেলিন ও মাওবাদী আদর্শের নামে সক্রিয় ১৪টি চরমপন্থি সংগঠনের দাপটে ত্রাস ছিল উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এর মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা), পূর্ব বাংলার সর্বহারা পার্টি (এমবিআরএম) ও পূর্ববাংলার সর্বহারা পার্টি (জনযুদ্ধ) অন্যতম। চরমপন্থি শীর্ষ নেতারা ওই সব অঞ্চলের তরুণদের ভুল বুঝিয়ে দলে টানে এবং সাধারণ মানুষকে জিম্মি করে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়ে আলাদা রাজত্ব কায়েম করে। হত্যা করা হয় কয়েক হাজার মানুষকে।

আত্মসমর্পণকারী চরমপন্থি দলের নেতা মোহাম্মদ সাধু বলেন, আগে পুলিশ ও প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াতে হতো আমাদের। এখন স্বাভাবিক জীবনে ফিরে অনেক শান্তিতে আছি। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করায় আমাদের আর কোনো টেনশন নেই। সত্যিই এতদিন আদর্শের নামে অন্ধকার পথে ছিলাম আমরা। র‌্যাব আমাদের আলোর পথে নিয়ে এসেছে। তারা এ অনুদান পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।