গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।