আশুলিয়ায় ঝুঁটের গোডাউনে আগুন

সাভারে আশুলিয়ায় একটি ঝুঁটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকার মিলটন হোসেনের মালিকানাধীন ঝুঁটের গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকার মিলটন হোসেনের মালিকানাধীন ঝুঁটের গোডাউনে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। 

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুঁটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউন মালিক জানিয়েছেন গোডাউনটি তালাবদ্ধ অবস্থায় ছিল। যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।