হুতিদের হুমকি মোকাবিলা  

এবার লোহিত সাগরে ইসরায়েলের চার যুদ্ধজাহাজ

ইসরায়েলগামী যেকোনো জাহাজে হুতিদের হামলার হুমকির পর লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলার ঝুঁকি সামাল দিতে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল।  

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে সাগরে আগে থেকেই মোতায়েন রয়েছে আইএনএস মাগেন, ওজ, আতজমাউত এবং নিতজাহোন। এগুলো এখন লোহিত সাগরে হুতিদের আক্রমণ মোকাবেলাতেও সক্রিয়। নতুন যুদ্ধজাহাজগুলো ইসরায়েলের সা’র-৬ শ্রেণির করভেট বহরের অংশ। এ বছরের শুরুতে ইসরায়েলের গ্যাসক্ষেত্র এবং শিপিং লেনগুলো রক্ষার জন্য মূলত এসব জাহাজ মোতায়ন করা হয়েছে। ২ হাজার টনের প্রতিটি জাহাজে ২০টি সিস্টেম রয়েছে যার মধ্যে ১৮ টি ইসরায়েলের তৈরি। সিস্টেমগুলোর মধ্যে রয়েছে আয়রন ডোম সিস্টেমের একটি নতুন সংস্করণ, যা সি-ডোম নামে পরিচিত।

জাহাজগুলোতে আছে গ্যাব্রিয়েল ভি এবং এলরাড মিসাইল ব্যবস্থা। এসব প্রযুক্তি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম।

ইসরায়েলের এ পদক্ষেপের আগে হুতির এক জ্যৈষ্ঠ কর্মকর্তা লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজে হামলার হুমকি দেন। এক বিবৃতিতে হুতির পক্ষ থেকে বলা হয়, 'যদি গাজা তার প্রয়োজন অনুযায়ী খাবার ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া সব জাহাজ, তা যে দেশেরই হোক না, আমাদের সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।'