চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের আনোয়ারায় অবরোধের সমর্থনে মিছিলের সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

জানা যায়, অবরোধের সমর্থনে বেলা ১২টার দিকে কমিউনিটি সেন্টার এলাকায় মিছিল বের করে বিএনপি ,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা রাস্তা অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময়  পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ আহত হন। তিনি ডান চোখে আঘাত পেয়েছেন। আত্মরক্ষায় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি ডান চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আনোয়ারা থানার অফিসার ইনচার্য ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাস্তা অবরোধ করলে বিএনপি নেতাকর্মীদের আমরা সরে যেতে বলি। এসময় অতর্কিতভাবে তারা আমাদের উপর হামলা করে। এসময় ইটের আঘাতে আমাদের থানার ওসি’র চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে।