প্রথম ফুটবলার হিসেবে ক্লাব বিশ্বকাপের চার আসরে গোল করার রেকর্ড গড়লেন করিম বেনজেমা। মঙ্গলবার রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আসরের প্রথম রাউন্ডে ৩-০ গোলে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে হারিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। তাতে রোমারিনহো ও এনগোলো কান্তের পর প্রথমার্ধের ৪০তম মিনিটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। এতেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের নাম।
এই নিয়ে ষষ্ঠবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন অভিজ্ঞ স্ট্রাইকার বেনজেমা। আগের পাঁচটি আসরে তিনি খেলেছিলেন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে। প্রতিবারই শিরোপা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল তার। ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০২২ সালের ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
ভিন্ন সংস্করণে গোল করার কীর্তি গড়লেও সামগ্রিকভাবে গোল করায় এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর পেছনেই আছেন বেনজেমা। সাবেক রিয়াল মাদ্রিদ সুপারস্টার এই প্রতিযোগিতায় গোল করেছেন সর্বোচ্চ ৭টি। আর তালিকায় ২ নম্বরে থাকা গ্যারেথ বেল করেছেন ৬ গোল।
৫টি করে গোল করে তৃতীয় স্থানে আছেন বেনজেমা, সেজার ডেলগাডো, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে একমাত্র বেনজেমা ছাড়া কেউই এবারের আসরে এ প্রতিযোগিতায় নেই। তাই সামনের ম্যাচগুলোতে ওপরে থাকা রোনালদো ও বেলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বেনজেমার।