রেলের বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় রিজভীর উদ্বেগ

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলষ্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও অনেকে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে রেলের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

আজ এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনা নি:সন্দেহে নাশকতামূলক কাজ, আমি এই ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরণের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু। দু’ একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে, সুপরিকল্পিতভাবেই এই ধরণের নাশকতা ঘটানো হয়েছে। এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দু’ একটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’

বিবৃতিতে আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।