আশুলিয়ায় বাসে আগুন: বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের আগে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদেরকে ঢাকার চিফ জুডিয়িশাল ম্যাজিট্রেট আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি ও তেলিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেপ্তাকৃতরা হলেন- কলতাসুতি এলাকার জিয়াউর রহমান (৪০), হৃদয় প্রামানিক (২৫) ও শিমুলিয়া তেলিবাজারের মো. দেলোয়ার হোসেন (৩৫)। এদের মধ্যে দেলোয়ার হোসেন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক এবং বাকী দুইজন বিএনপির সক্রীয় কর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে একটি মামলা দায়ের করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে শিমুলিয়া তেলিবাজার থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।