ট্রেন লাইনচ্যুত

গ্যাসকাটার দিয়ে রেললাইনের ২০ ফুট কেটে ফেলে দুর্বৃত্তরা

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনাস্থলের পাশ থেকে ওয়ার্কশপে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকৃত ২টি সিলিন্ডার রেললাইন কাটার কাজে ব্যবহার হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গাজীপুরের বনখড়িয়া ব্রিজের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি চিলাই ব্রিজে আসা মাত্র ইঞ্জিনসহ ৭টি বগি লাইনের পাশের নিচু জমিতে পড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন বলেন, 'দুষ্কৃতিকারীরা রাতের কোনো একসময় অ্যাসিটিলিন পদ্ধতিতে গ্যাসকাটার দিয়ে লাইন কেটে রাখে। রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হলে ১ জন নিহত ও ১১ জন আহত হয়।'

তিনি বলেন, রেললাইনের পাশ থেকে জঙ্গলের ভেতরে ওয়ার্কশপে ব্যবহৃত ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস ব্যবহার করে কাটার দিয়ে রেললাইন কাটা হয়েছে।

পুলিশ ও জেলা প্রশাসন জানায়, দুষ্কৃতকারীরা লাইনে ২০ ফুট অংশ কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, 'রেললাইনের ২০ ফুট অংশ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি নাশকতা।'

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবু ফজল জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন এবং ৭ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। নিহত আসলাম শেখ (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্যবসায়ী ছিলেন।