শিশুদের সঙ্গে নাচবেন মেহজাবীন

অনুষ্ঠিত হয়ে গেল মাছরাঙা টিভির ‘স্কয়ার সুরের সেরা জুনিয়র’ সংগীতবিষয়ক রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এর দৃশ্যায়ন হয়েছে। অনুষ্ঠানে শিশুশিল্পীদের সঙ্গে ছিলেন জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে ‘প্রজাপতিটা যখন তখন’, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানের সঙ্গে পারফর্ম করেছেন তিনি।

শিশুদের এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। মেহজাবীন বলেন, ‘শিশুরা বরাবরই আমার খুব প্রিয়। ওদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। শিশুদের নিয়ে এ ধরনের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে ভালো লাগছে।’

স্কয়ার গ্রুপের কর্মীদের ৬ থেকে ১২ বছরের সন্তানরা অংশ নিয়েছে এই শোতে। মৌসুমী মৌ-এর উপস্থাপনায় রিয়েলিটি শোটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি আগামী ২৯ ডিসেম্বর মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।