মিরাজ-নাঈমের উন্নতির দিনে পেছালেন মুশফিক-শান্ত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের। তবে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

সিলেটে প্রথম টেস্ট জিতলেও মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে এসে শেষ পর্যন্ত ৪ উইকেটে হারে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেন মিরাজ। এমন পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন মিরাজ।

অন্যদিকে প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকলেও নাঈম পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

দুই ইনিংস মিলিয়ে ৪৪ রান করা মুশফিক ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২২ নম্বরে। চার ধাপ পিছিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত নেমেছেন ৪৬ নম্বরে। ৫৭ নম্বরে থাকা মুমিনুলও পিছিয়েছেন চার ধাপ। আগের মতোই ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কেইন উইলিয়ামসন।